দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







অগ্নিবীর - মূলনীতি ,লক্ষ্য ও উদ্দেশ্য

2

🕉🙏 অগ্নিবীর - মূলনীতি ,লক্ষ্য ও উদ্দেশ্য 🕉🙏

মূলনীতি
অগ্নিবীর বৈশ্বিক মানবতা ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী এবং জাতি-মতাদর্শ-বর্ণের ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্যকে প্রত্যাখ্যান করে। অগ্নিবীর “বসুধৈব কুটুম্বকম্” সভ্যতার গর্বিত উত্তরসূরী। আমরা এক জাতি, এক পরিবার ও এক মানবতার ধর্মে বিশ্বাসী এবং সেটি হলো এক ও অদ্বিতীয় সনাতন বৈদিক ধর্ম যা সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখে, যার অনুপ্রেরণা এক ও অদ্বিতীয় নিরাকার সর্বব্যাপক পরমেশ্বর।
১. অগ্নিবীর বৈদিক মানবতার ধর্মে বিশ্বাসী যা পবিত্র বেদে বর্ণিত হয়েছে এবং যা শান্তি, সহিষ্ণুতা, একতা, সত্যবাদীতা ও সততাকে সমর্থন করে। কেউ যদি এর সাথে দ্বিমত পোষণ করে তবে তার সাথে আলোচনার ভিত্তিতে আমরা ঐকমত্যে পৌঁছাতে বিশ্বাসী; অর্বাচীন বাক্যালাপ কিংবা ভয়ভীতি প্রদর্শনে নয়। যদিও আজ পর্যন্ত বৈদিক মানবতাবাদের ত্রুটি কেউ প্রমাণ করতে সক্ষম হয় নি।
২. অগ্নিবীর পবিত্র বেদে বিশ্বাসী যা মানবজাতির জন্য প্রথম ও একমাত্র পরমেশ্বরের প্রেরণায় প্রকাশিত গ্রন্থ। অগ্নিবীর অন্য কোনো গ্রন্থকেই ঐশ্বরিক বলে বিশ্বাস করে না এবং এই দৃঢ় বিশ্বাসের পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। একারণেই অগ্নিবীর দৃঢ়ভাবে স্বীকার করে যে আমাদের সকল ধর্ম-কর্ম বেদ ও বেদানুকূল ঋষিকৃত আর্ষগ্রন্থের মাধ্যমেই করা কর্তব্য।
৩. তবে অগ্নিবীর কাউকে অন্ধভাবে বেদকে স্বীকার করতে বাধ্য করে না, কেননা এটি বেদের মৌলিক নীতির বিরুদ্ধ। বেদকে ঐশ্বরিক গ্রন্থ হিসেবে মানা সিদ্ধান্তরূপে গণ্য হবে, পূর্বনির্ধারিত অন্ধ-বিশ্বাসরূপে নয়; এটাই বেদের নীতি। তাই বেদকে ঐশ্বরিক গ্রন্থ হিসেবে বিশ্বাস করে না এমন লোকদেরও আমরা সমানভাবে মহৎ ও পুণ্যবান মনে করি যদি তারা সৎ ও চরিত্রবান হয় এবং “শুধু সত্যকে স্বীকার আর মিথ্যাকে প্রত্যাখ্যান” এই নীতিতে বিশ্বাসী হয়।
৪. অগ্নিবীর পরমেশ্বরের উপাসনা ও আধ্যাত্মিক উন্নতির জন্য অষ্টাঙ্গযোগে বিশ্বাসী। যথা – যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এখানে, 
যম - অহিংসা, সত্যবাদিতা, যেকোন প্রকার চৌর্যবৃত্তি ত্যাগ করা, আত্মসংযম ও জ্ঞানার্জন করা, অবৈধ সঞ্চয় না করা ও সর্বপ্রকার দোষমুক্ত হওয়া।
নিয়ম - শরীর এবং মনের বিশুদ্ধতা, ধর্মকাজে আত্মতৃপ্তি, আত্মা ও মনকে ধর্ম এবং শুভগুণের আচরণরূপ তপ অর্থাৎ পরিশ্রমের দ্বারা নির্মল করা, অন্তর্দর্শন এবং ধর্ম-অর্থ-কাম-মোক্ষবিধায়ক বেদ-শাস্ত্রের অধ্যয়ন-প্রবচন করা, ‘আমি, এই বোধকে’  দ্রবীভূত করে পরমেশ্বরে সবকিছু উৎসর্গ করা।
আসন - দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরভাবে মনঃসংযোগের ক্ষমতা অর্জনের চেষ্টা।
প্রাণায়াম - শ্বাস-প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ আনা।
প্রত্যাহার - বহিরাগত ব্যাঘাতের থেকে মনের সংযোগ বিচ্ছিন্ন করে জিতেন্দ্রিয় হওয়া।
ধারণা - স্থিরচিত্তে অর্থজ্ঞানপূর্বক ওঙ্কার বা গায়ত্রী প্রভৃতি বেদমন্ত্রের জপ দ্বারা পরমেশ্বরের ধারণায় মনোনিবেশ করা।
ধ্যান - গহন বিচার ও প্রেম-ভক্তির সাথে ধারাবাহিকভাবে পরমেশ্বরের স্বরূপ ও জ্ঞানে মগ্ন হওয়া।
সমাধি - পরমেশ্বর আমাদের মধ্যেই বিদ্যমান এমন বিশ্বাস অর্জন করা ও নিজ আত্মাকে পরমেশ্বরের প্রকাশরূপ আনন্দ ও জ্ঞানে পরিপূর্ণ করে তাঁর সাথে একাত্ম হওয়া।
৫. অগ্নিবীর “জ্ঞানভিত্তিক বিবর্তন পদ্ধতিতে” বিশ্বাস করে এবং “জোরপূর্বক বিশ্বাস ও অন্ধবিশ্বাসের পরিণতি সর্বদা বিপরীত ও অনাকাঙ্ক্ষিতই হয়” বলে মনে  করে। সেহেতু অগ্নিবীরের পদ্ধতি হল সবচেয়ে সৎ এবং শান্তিপূর্ণ উপায়ে জ্ঞান এবং মানসিক সচেতনতা ছড়িয়ে দেয়া।
৬. অগ্নিবীর বিশ্বাস করে যে, “নারীরা পুরুষদের চেয়ে তুলনামূলক অযোগ্য এবং নারীদের পুরুষদের তুলনায়  স্বল্প অধিকার প্রাপ্য” - এরূপ যারা বিবেচনা করে তারা বেদবিরুদ্ধ মানসিকতা লালন করে এবং মানবতার সর্ববৃহৎ শত্রু।
৭. অগ্নিবীর সম্পূর্ণরূপে সেইসব বিকৃতমস্তিস্কদের বিরুদ্ধে, যারা বেদবিরুদ্ধ জন্মভিত্তিক বর্ণপ্রথা বা জাতিপ্রথায় এবং যোগ্যতাবিহীন বংশপরম্পরার ভিত্তিতে নির্ধারিত গুরুবাদে বিশ্বাস করে এবং এর মাধ্যমে বৈষম্যের সৃষ্টি করে। অগ্নিবীর পবিত্র বেদ বর্ণিত গুণ-কর্ম-স্বভাব অর্থাৎ যোগ্যতাভিত্তিক শ্রমবিভাজন তথা বর্ণাশ্রম ধর্মে বিশ্বাসী। মানবসৃষ্ট ভ্রান্ত অমানবিক জন্মভিত্তিক বর্ণপ্রথা বা জাতিপ্রথায় নয়।
৮. অগ্নিবীর দৃঢ়ভাবে বিশ্বাস করে “মাতৃবৎ পরদারেসু” অর্থাৎ শুধুমাত্র নিজ স্ত্রী [অবশ্যই একজন মাত্র] ছাড়া অন্য সকল নারী মাতৃস্বরূপা। যে সকল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান নারীদের ভোগপণ্য হিসেবে উপস্থাপন করে আমরা তাদের দৃঢ়ভাবে বিরোধিতা করি।
৯. আমরা বেদের অনুবাদ ও ব্যাখ্যার নামে রচিত ভ্রান্ত, অশুদ্ধ, আর্ষ-পরম্পরাবিরুদ্ধ ভাষ্য-ব্যাখ্যা-অনুবাদকে অগ্রহণযোগ্য মনে করি এবং ঋষি-মহর্ষি-আর্ষবিদ্বানগণ দ্বারা নির্মিত বৈদিক ব্রাহ্মণাদি সাহিত্য-বেদাঙ্গ-উপাঙ্গের প্রমাণ-আশ্রিত রূপসমৃদ্ধ বেদের ভাষ্য-ব্যাখ্যা-অনুবাদ অনুসরণ করি।
১০. অগ্নিবীর বদ্ধ মানসিকতায় বিশ্বাসী নয় এবং কোনো মানবীয় মতাদর্শকে চূড়ান্ত বলে মনে করে না। মানবীয় সকল মতাদর্শের সমীক্ষা একমাত্র পরমেশ্বরের বাণী বেদ দ্বারাই হতে পারে; তাই অগ্নিবীর সর্বদাই বেদ ও বৈদিক শাস্ত্রের আলোকে আলোচনা ও শাস্ত্রার্থের মাধ্যমে সত্য গ্রহণ ও মিথ্যা পরিত্যাগ করতে প্রস্তুত। সত্য গ্রহণের ক্ষেত্রে বেদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং অভ্রান্ত‌; তবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত অন্যান্য মার্গকেও আমরা সন্মান করি ও ভ্রাতৃসুলভ বলে মনে করি।
১১. সমালোচনা অর্থই ঘৃণা নয়! আমরা এমনকি আমাদের পিতা-মাতার সাথেও কোনো বিষয়ে  বিতর্ক করতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমরা তাঁদের ঘৃণা করি। তাই প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বেদের আদর্শভিত্তিক বক্তব্যসমূহকে নিন্দা বা ঘৃণার চোখে না দেখে যৌক্তিকতার চোখে দেখার আহ্বান জানাই। বৈদিক সত্যের শুভ্র সৈনিক অগ্নিবীরেরা কোনপ্রকারেই কারো সাথে অশালীন তর্ক, অযৌক্তিক বাক্যালাপ, কারো মতকে কুৎসিতভাবে আঘাত করতে পারে না; বরং শান্তিপূর্ণভাবে সুন্দর আলোচনা করতে পারে মাত্র।
১২. সর্বশেষে অগ্নিবীর কোন বদ্ধ সংগঠন নয়, বরং এটি একটি উন্মুক্ত ধারণা। আপনি যদি বৈদিক যুক্তিবিদ্যার সিদ্ধান্তে বিশ্বাসী হন ও বাংলাদেশ অগ্নিবীর এর মূলনীতির অনুসারী হন, তবে আপনিও একজন অগ্নিবীর! আসুন, আমরা সকলে অহিংস হই, একে অপরের প্রতি শত্রুভাব পরিত্যাগ করি, পরস্পরের কল্যাণ কামনা করি এবং সকলকে নিজ পরিবারের সদস্য মনে করি। শান্তি, সহিষ্ণুতা এবং পারস্পরিক সহযোগিতা হোক আমাদের অস্ত্র।
লক্ষ্য ও উদ্দেশ্য
১. সনাতন ধর্ম বেদমূলক, “বেদোঽখিলো ধর্মমূলম্” [মনুস্মৃতি ২.৬]। তাই সকল শাস্ত্র বৈদিক সিদ্ধান্তের অনুকূল হওয়ার সাপেক্ষেই মান্য করা বিহিত। বর্তমানে বৈদিক সিদ্ধান্তের নামে এবং আড়ালে অনেক সংস্কার ও বিচারধারা প্রবর্তিত হয়েছে যা স্পষ্টতই অবৈদিক এবং তা বিভিন্ন কুসংস্কার ও সম্প্রদায়গত মতভেদের জন্ম দিয়েছে। তাই বেদের সর্বপ্রামাণ্যতা কেবল কথায় নয় বরং কাজেও প্রতিষ্ঠা করাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য।
২. “স এষ পূর্বেষামপি গুরুঃ কালেনানবচ্ছেদাৎ।” [যোগ দর্শন ১.২৬] = “সেই পরমেশ্বরই সকল গুরুরও গুরু, কেননা কালের দ্বারা তার অবচ্ছেদ নেই”। এই সিদ্ধান্তকে স্বীকার করে বর্তমানে অন্ধবিশ্বাসনির্ভর গুরুবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা আমাদের দ্বিতীয় লক্ষ্য। যোগী‌, তপস্বী, বেদজ্ঞ গুরুদেব বা আচার্য শিষ্যকে পরমাত্মা প্রাপ্তির পথ দেখাতে পারেন, ভগবদ্ভক্ত করার ক্ষেত্রে সাহায্য করতে পারেন, বেদানুকূলভাবে পঞ্চমহাযজ্ঞ সম্বলিত শাস্ত্রনিষ্ঠ জীবন পরিচালনার ক্ষেত্রে পরামর্শ দিতে পারেন কিন্তু তাঁর বক্তব্যই শেষ কথা নয়, একইসঙ্গে যুক্তি ও শাস্ত্রীয় প্রামাণ্যতাও আবশ্যক।
বর্তমানে অনেক নিজস্ব মতবাদপুষ্ট, বেদবিরোধী গুরুবাদ ও সে গুরুদেরকেই পরমেশ্বর হিসেবে প্রতিষ্ঠা করে বৈদিক সনাতন সিদ্ধান্তে অনেক ধরণের অনৈক্যের সৃষ্টি করা হয়েছে যা দূর করা আবশ্যক।
৩. বলি প্রথার বিলোপ এবং বেদানুকূল সাত্ত্বিক খাদ্য গ্রহণে উৎসাহ প্রদান, খাদ্য বিচার নিয়ে সম্প্রদায়গত মতভেদ নির্মূল।
৪. “জন্ম নয় বরং গুণ-কর্ম-স্বভাব অর্থাৎ যোগ্যতাই বর্ণ নির্ণয়ের মানদণ্ড” - এই মূলনীতিকে সামনে রেখে গুণ, কর্ম, স্বভাবের ক্রমবিকাশের ওপর ভিত্তি করে যোগ্যতাভিত্তিক শাস্ত্রীয় বর্ণাশ্রম ধর্মের প্রতিষ্ঠা ও উপনয়ন, বিবাহ প্রভৃতি ষোড়শ সংস্কার পরিচালনা করা এবং পর্যায়ক্রমে সকল সনাতনীকে ষোড়শ সংস্কারের আওতায় আনা।
৫. সর্বস্তরে বেদ ও বেদানুকূল শাস্ত্র এবং দেবভাষা সংস্কৃতের প্রচার-প্রসার ও শিক্ষা প্রদান করা, তার  জন্য প্রতিষ্ঠান স্থাপন ও কর্মসূত্রানুযায়ী পাঠদান। বর্তমান শাস্ত্রবিমুখদের মধ্যে শাস্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা। পারিবারিকভাবে সন্তানদের শাস্ত্রশিক্ষার জন্য উদ্বুদ্ধ করা।
৬. সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সনাতনীদের জন্য আপদকালীন বিভিন্ন সেবাদান কর্মসূচী, সামাজিক, অর্থনৈতিক ও কর্মক্ষেত্রীয় মৌলিক অধিকার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা।
৭. নারী পুরুষের সমান মৌলিক অধিকার নিশ্চিত করা; যজ্ঞ, পেশা, ‌সংস্কার থেকে শুরু করে শাস্ত্রীয়ভাবে সম্পত্তির উত্তরাধিকার পর্যন্ত নিশ্চিত করা। বিশেষত সম্পত্তির উত্তরাধিকার সনাতন ধর্মাবলম্বনকারী সন্তানই হবে, ব্যতিক্রমীরা নয় তা নিশ্চিতকরণ।
৮. বাল্যবিবাহ বিলোপ, সমাজে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের নিজ সুরক্ষায় নিজেদেরই সমর্থ করা এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকরণ।
৯. ভিন্ন উগ্রবাদী মতবাদ কর্তৃক প্রচারিত অপপ্রচার ও চেতনা পরিবর্তনের মাধ্যমে ধর্মান্তরকরণ [পড়ুন মতবাদের অনুসারীকরণ; কারণ মানবধর্ম একমাত্র বৈদিক সনাতন ধর্ম, অন্য সকল নামধারী ‘ধর্ম’ বিশ্বাসনির্ভর মতবাদ মাত্র] রোধ ও সত্য প্রতিষ্ঠা।
১০. সদ্‌ গ্রন্থ পাঠ ও বিবেকীপুরুষের মাধ্যমে অতীতে “ধর্মান্তরিত” বা নতুন শুভাগতদের আইনি ব্যবস্থার মাধ্যমে বৈধানিক ও শুদ্ধি যজ্ঞের মাধ্যমে ধর্মীয়ভাবে মানসিক পরিশুদ্ধিকরণ বাস্তবায়ন করে সামাজিক ভাবে গ্রহণ।
১১. পরমেশ্বর ও বেদমাতার বাক্য শিরোধার্য করে “এক মত, এক চিত্ত, এক আহার, এক লক্ষ্য ও এক  মিলন ভূমি” প্রতিষ্ঠার মাধ্যমে সনাতনীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা।
১২. পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম - ও৩ম্
এক মহামন্ত্র - গায়ত্রী
এই লক্ষ্যদ্বয় বাস্তবায়ন করে ঐক্য সাধন।


Post a Comment

2Comments
  1. সত্যি আমি মুগ্ধ

    ReplyDelete
  2. আমি নিজেকে ধন্য মনে করব একজন সনাতন অগ্নিবীর হিসাবে এবং সনাতনি হিসাবে

    ReplyDelete
Post a Comment