যীশু খ্রিস্টের জীবনের ১২ থেকে ৩০ বছর বয়সের মধ্যবর্তী সময়কাল, যা বাইবেলে অনুল্লিখিত এবং ইতিহাসে "অজ্ঞাত বছর" (Lost Years) নামে পরিচিত, সেই সময়ে তিনি ভারত ও তিব্বতে এসেছিলেন এবং বেদান্ত ও বৌদ্ধ দর্শন সাধনা করেছিলেন, এমন একটি তত্ত্ব ঊনবিংশ শতাব্দী থেকে প্রচলিত আছে। মূলধারার ইতিহাসবিদ ও ধর্মতাত্ত্বিকদের কাছে এটি প্রমাণিত সত্য নয়; বরং এটি একটি বিতর্কিত এবং মূলত ঐতিহাসিকভাবে প্রত্যাখ্যাত তত্ত্ব। দাবিটি আসলে দুটি পরস্পরবিরোধী দাবি এই প্রসঙ্গে দুটি আলাদা তত্ত্ব চালু আছে, আর তারা একে অপরকে কাটে।
১. "হারানো বছর" তত্ত্ব: ১২ থেকে ৩০ বছর বয়সের মধ্যে যীশু ভারতে এসে ব্রাহ্মণ ও বৌদ্ধদের কাছে শিখেছিলেন, তারপর প্যালেস্টাইনে ফিরে যান। এর উৎস নোতোভিচ, অ্যাকুয়ারিয়ান গসপেল ও অভেদানন্দ।
২. "ক্রুশ-পরবর্তী" তত্ত্ব: যীশু ক্রুশে মারা যাননি। এরপর তিনি কাশ্মীরে আসেন এবং শ্রীনগরের রোজাবালে তাঁর সমাধি আছে। এর উৎস আহমদিয়া সম্প্রদায় ও হোলগার কার্স্টেন।
দুটোই একসঙ্গে সত্য হতে পারে না। যদিও অর্বাচীন ‘বৈদান্তিক যীশু’ তত্ত্ববাদীরা প্রচারকেরা প্রায়ই দুটোকে মিলিয়ে বলেন। নিচে প্রতিটি দাবি আলাদা করে পরীক্ষা করা হলো।
পূর্বপক্ষ ১: নোতোভিচের "সন্ত ঈসার জীবন" পুঁথি
দাবি: রুশ পর্যটক নিকোলাস নোতোভিচ লিখেছিলেন, ১৮৮৭ সালে লাদাখের হেমিস মঠে পা ভেঙে তিনি আটকে ছিলেন। সেখানকার প্রধান লামা তাঁকে একটি তিব্বতি পুঁথি পড়ে শোনান। পুঁথিতে ছিল "ঈসা" নামে এক ইস্রায়েলি যুবক ১৪ বছর বয়সে সিন্ধু অঞ্চলে আসেন, জগন্নাথ, রাজগৃহ ও বারাণসীতে থাকেন এবং পালি শেখেন।
রেফারেন্স: Nicolas Notovitch, La vie inconnue de Jésus-Christ, প্যারিস, ১৮৯৪। ইংরেজি অনুবাদ The Unknown Life of Jesus Christ।
খণ্ডন: মঠ নিজেই অস্বীকার করেছিল। আগ্রা গভর্নমেন্ট কলেজের অধ্যাপক জে. আর্চিবল্ড ডগলাস ১৮৯৫ সালে হেমিসে যান। প্রধান লামা লিখিত ও স্বাক্ষরিত বিবৃতি দেন: এমন কোনো পুঁথি মঠে নেই, নোতোভিচ নামে কোনো ইউরোপীয় পা ভাঙা অবস্থায় সেখানে চিকিৎসা নেননি, আর নোতোভিচের উদ্ধৃত অংশগুলো "মিথ্যা"।
সূত্র: J. Archibald Douglas, “The Chief Lama of Himis on the Alleged ‘Unknown Life of Christ’”, The Nineteenth Century, খণ্ড ৩৯, এপ্রিল ১৮৯৬, পৃ. ৬৬৭–৬৭৮।
তৎকালীন শ্রেষ্ঠ ভারততত্ত্ববিদ সন্দেহ করেছিলেন। ম্যাক্স মুলার প্রকাশের বছরেই প্রশ্ন তোলেন। তাঁর আপত্তি ছিল, এমন একটি পুঁথি থাকলে তা তিব্বতি বৌদ্ধ গ্রন্থতালিকা কাঞ্জুর-তাঞ্জুরে থাকত।
সূত্র: F. Max Müller, “The Alleged Sojourn of Christ in India”, The Nineteenth Century, খণ্ড ৩৬, অক্টোবর ১৮৯৪, পৃ. ৫১৫–৫২২।
নামটিই জালিয়াতির প্রমাণ। "ঈসা" (ʿĪsā) হলো যীশুর আরবি-কুরআনিক নাম। হিব্রু-আরামাইক নাম ছিল Yeshua। তথাকথিত প্রথম শতাব্দীর এক ভারতীয়-বৌদ্ধ পুঁথি ইসলামের প্রায় ৬০০ বছর আগে আরবি-ইসলামি নাম ব্যবহার করবে, তা অসম্ভব। এটি দেখায় রচয়িতা উনিশ শতকের মুসলিম-প্রভাবিত পরিবেশের লোক।
কালবিরোধ (anachronism) আছে। পুঁথিতে ঈসা জগন্নাথে যান। কিন্তু পুরীর বর্তমান জগন্নাথ মন্দির দ্বাদশ শতাব্দীতে অনন্তবর্মন চোড়গঙ্গদেব নির্মাণ করেন। প্রথম শতাব্দীতে "জগন্নাথ"কে তীর্থকেন্দ্র হিসেবে দেখানো পরবর্তী যুগের কল্পনা।
মূল পুঁথি কেউ কখনো দেখাননি। নোতোভিচ পুঁথির কোনো ছবি বা প্রতিলিপি দেননি, তিব্বতি পাঠও দেননি। ১৩০ বছরে কোনো গবেষক তা খুঁজে পাননি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: এই উৎসই "বেদান্ত সাধনা"র দাবি খারিজ করে। নোতোভিচের পাঠেই (অধ্যায় ৫–৬) ঈসা ব্রাহ্মণদের নিন্দা করেন, বেদ-পুরাণের ঐশ্বরিক প্রামাণ্য অস্বীকার করেন এবং শূদ্রদের পক্ষ নেন। অর্থাৎ পূর্বপক্ষের প্রধান দলিলেও যীশু বেদান্তের সাধক নন, বরং বেদবিরোধী। যিনি শ্রুতিপ্রামাণ্যই মানেন না, তাঁকে বেদান্তী বলা যায় না, কারণ বেদান্ত মানে শ্রুতিশিরোভাগের মীমাংসা।
আধুনিক মূল্যায়ন: Per Beskow, Strange Tales About Jesus (Fortress Press, ১৯৮৩); Bart D. Ehrman, Forged (HarperOne, ২০১১)। দুটি বইই নোতোভিচের পাঠকে আধুনিক জালিয়াতি বলে চিহ্নিত করেছে।
পূর্বপক্ষ ২: স্বামী অভেদানন্দের সাক্ষ্য
দাবি: শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী অভেদানন্দ ১৯২২ সালে হেমিসে যান। তিনি লেখেন, লামারা তাঁকে ঈসা-বিষয়ক পুঁথি দেখিয়েছিলেন।
রেফারেন্স: স্বামী অভেদানন্দ, তিব্বত ও কাশ্মীর ভ্রমণ, কলকাতা, ১৯২৯। পরে রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে পুনর্মুদ্রিত, ইংরেজিতে Journey into Kashmir and Tibet।
খণ্ডন: অভেদানন্দ নিজে তিব্বতি জানতেন না। তিনি দোভাষীর মুখে শোনা কথা লিখেছেন। এটা প্রত্যক্ষ পাঠ নয়, পরোক্ষ শ্রুতি। বইয়ে ঈসা-অংশের যে বিবরণ আছে, তা নোতোভিচের ফরাসি পাঠের সঙ্গে প্রায় হুবহু মেলে। এতে স্বতন্ত্র যাচাই নয়, নোতোভিচ-নির্ভরতাই বোঝা যায়। বইটির পরবর্তী সংস্করণে সম্পাদকীয় সংযোজন নিয়েও গবেষকেরা প্রশ্ন তুলেছেন। তিনিও কোনো প্রতিলিপি বা আলোকচিত্র আনেননি। ডগলাসের সংগ্রহ করা লামার স্বাক্ষরিত অস্বীকৃতি ২৬ বছর আগেই প্রকাশিত হয়ে গিয়েছিল।
অভেদানন্দের আধ্যাত্মিক মর্যাদা আর ঐতিহাসিক দাবির যাচাই দুটি আলাদা বিষয়। শব্দপ্রমাণ (আপ্তবাক্য) হিসেবে মানতে হলে বক্তাকে বিষয়টির প্রত্যক্ষদ্রষ্টা হতে হয়। এখানে তা নেই।
পূর্বপক্ষ ৩: ভবিষ্য পুরাণে "ঈশপুত্র"
দাবি: ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পর্বে (৩.২.২১–৩১, বেঙ্কটেশ্বর প্রেস সংস্করণ) রাজা শালিবাহন হিমালয়ে এক পুরুষের দেখা পান। তিনি বলেন, ‘ঈশপুত্রং চ মাং বিদ্ধি কুমারীগর্ভসম্ভবম্… ঈশামসীহ ইতি চ মম নাম প্রতিষ্ঠিতম্’ অর্থাৎ "আমাকে ঈশপুত্র জানো, কুমারীগর্ভে জন্ম… আমার নাম ঈশা-মসীহ।"
খণ্ডন: প্রতিসর্গ পর্ব যে অনেক পরে লেখা, তা পাঠ থেকেই প্রমাণিত। একই পর্বে আছে আদম ও হব্যবতী (ইভ), ন্যূহ (নূহ), মহামদ (মুহম্মদ), তৈমুর, আকবর প্রভৃতির বিবরণ। মোগল যুগের ঘটনা যে অংশে আছে, সেটি অন্তত ষোড়শ থেকে উনিশ শতকের রচনা। সূত্র যথাক্রমে-
১. R. C. Hazra, Studies in the Puranic Records on Hindu Rites and Customs (Dacca, ১৯৪০), ভবিষ্য পুরাণ অধ্যায়।
২. M. Winternitz, History of Indian Literature, খণ্ড ১।
দুজনেই প্রতিসর্গ পর্বকে অতি-আধুনিক প্রক্ষেপ বলে চিহ্নিত করেছেন। উদাহরণস্বরূপ-
১.ভবিষ্যপুরাণে কলকাতা, ভিক্টোরিয়া ও পার্লামেন্ট
নগর্য্যা কলিকাতায়াং স্থাপয়ামাসুরুদ্যতাঃ ।
বিকটে পশ্চিমে দ্বীপে তৎপত্নী বিকটাবতী ॥
অষ্টকৌশলমার্গেণ রাজমন্ত্রং চকার হ ।
তৎপতিস্তু পুলোমার্চিঃ কলিকাতাং পুরীং স্থিতঃ ॥ [ভবিষ্যপুরাণ প্রতিসর্গ পর্ব ৪.২২.৭৫-৭৬ ]
= দেবতারা কলিকাতা নগরী স্থাপন করেন। পশ্চিমদ্বীপের রাজা বিকটের স্ত্রী বিকটাবতী (ভিক্টোরিয়া) ৮ প্রকার কৌশল মার্গের (পার্লামেন্ট) মাধ্যমে তা শাসন করেন।
২. ভবিষ্যপুরাণে লর্ড মেকলে!
গুরুণ্ডো নবমঃ প্রাপ্তো মেকলো নাম বীর্যবান্।
ন্যায়েন কৃতবান্রাজ্য দ্বাদশাব্দং প্রয়ত্নতঃ ।
আর্যদেশে চ তদ্রাজ্যং বভূব ন্যায়শাসতি ।
লডিলো নাম বিখ্যাতো গুরুণ্ডো দশমোহিতঃ। [ভবিষ্যপুরাণ প্রতিসর্গপর্ব ৪.২২.৮৫-৮৬]
= লর্ড মেকলে নামের গুরুণ্ড (গৌর) শাসন করেন, সে ন্যায়পরায়ণ হয়ে শাসন করেছিল, আর্যাবর্তে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর লর্ড ওয়েবল (A. P. Wavell) শাসক হন। উল্লেখ্য, লর্ড মেকলে ২৭.৯.১৮৩৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ও ৩০.৮.১৮৪১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
৩. ভবিষ্যপুরাণে বাইবেল-কোরানের কাহিনী
ইন্দ্রিয়াণি দমিত্বা যো হ্যাত্মধ্যানপরায়ণঃ ॥
তস্মাদাদমনামাসৌ পত্নী হব্যবতী স্মৃতা ॥
পাপবৃক্ষতলে গত্বা পত্নীদর্শনতৎপরঃ ॥
কলিস্তত্রাগতস্তূর্ণং সর্পরূপং হি তৎকৃতম্॥ ॥
বঞ্চিতা তেন ধূর্তেন বিষ্ণ্বাজ্ঞা ভঙ্গতাং গতা ॥
খাদিত্বা তৎফলং রম্যং লোকমার্গপ্রদং পতিঃ ॥
উদুম্বরস্য পত্রৈশ্চ তাভ্যাং বায়্বশনং কৃতম্ ॥
সুতাঃ পুত্রাস্ততো জাতাঃ সর্বে ম্লেচ্ছা বভূবিরে । [ভবিষ্যপুরাণ প্রতিসর্গপর্ব ১.৪.২৮-৩৪]
= ইন্দ্রিয়দমনকারী, ধ্যানী ছিলেন আদম ও হব্যবতী (হাওয়া)। কলি সর্পরূপ ধারণ করে হব্যবতীকে ধোঁকা দিয়ে বিষ্ণু আজ্ঞা ভঙ্গ করিয়ে পাপবৃক্ষের বায়ুযুক্ত ফল খাওয়ায়। এরপর তাদের যত সন্তান হয়েছিল সবাই ম্লেচ্ছ হয়ে যায়।
৪. ভবিষ্যপুরাণে ব্যক্তি-দিন-মাসের নামে ফারসি-ইংরেজি শব্দ
পিতৃপৈতরভ্রাতা চ বাদরঃ পতিরেব চ ।
সেতি সা যাবনী ভাষা হ্যশ্বশ্চাস্পস্তথা পুনঃ॥
রবিবারে চ সণ্ডে চ ফাল্গুনে চৈব ফর্বরী ।
ষষ্টিশ্চ সিক্সটী জ্ঞেয়া তদুদাহারমীদৃশম্ ॥
[ভবিষ্যপুরাণ প্রতিসর্গপর্ব ১.৫.৩৫,৩৭]
= 'পিতৃ' (পিতা) শব্দটি 'পৈতর' (Pedar -পেদর), 'ভ্রাতা' শব্দটি 'বাদর' (Barādar -বেরাদর) এবং 'পতি' শব্দটি 'সা' (Shāh [রাজা/প্রভু] বা Shohar [স্বামী]) হয়—এই হলো সেই যাবনী (পারসী/ফারসি) ভাষা; তেমনি আবার 'অশ্ব' (ঘোড়া) শব্দটি 'আস্প' (Asp) হয়ে থাকে। রবিবারে 'সণ্ডে' (Sunday) এবং ফাল্গুন মাসে 'ফর্বরী' (ফেব্রুয়ারি-February), আর ষাট সংখ্যাকে 'সিক্সটী' (সিক্সটি-Sixty) বলে জানতে হবে—তার (গুরুণ্ডিকা = গোরা বা ইংরেজি ভাষার) উদাহরণ এইরূপ।
তাছাড়া কালগণনাও মেলে না। শালিবাহন বা শকাব্দের সূচনা ৭৮ খ্রিস্টাব্দ। প্রচলিত হিসাবে যীশু ক্রুশবিদ্ধ হন প্রায় ৩০–৩৩ খ্রিস্টাব্দে, তখন তাঁর বয়স ৩৩-এর মতো। শালিবাহনের সময় তাঁর বয়স হতো ৮০-র বেশি। তা ছাড়া এটি "হারানো বছর" (১২–৩০) তত্ত্বের সঙ্গেও মেলে না। "মসীহ" শব্দটি হিব্রু/আরামাইক। সংস্কৃত পুরাণে এর উপস্থিতি নিজেই বহিরাগত, পরবর্তী প্রভাবের চিহ্ন। এখানেও বেদান্ত সাধনার কথা নেই। পাঠে তিনি "ম্লেচ্ছদেশ" থেকে আসা ধর্মপ্রচারক। তিনি কোনো ঋষির কাছে উপনিষদ শিখছেন, এমন কিছু নেই।
পূর্বপক্ষ ৪: রোজাবাল সমাধি ও "ইউজ আসফ" (আহমদিয়া তত্ত্ব)
দাবি: যীশু ক্রুশে অচেতন হয়েছিলেন, মারা যাননি। সুস্থ হয়ে তিনি ইস্রায়েলের "হারানো গোত্রের" খোঁজে কাশ্মীরে আসেন। "ইউজ আসফ" নামে তিনি শ্রীনগরের খানইয়ারে রোজাবালে সমাহিত।
রেফারেন্স: মির্জা গোলাম আহমদ, মসীহ হিন্দুস্তান মেঁ (রচনা ১৮৯৯, প্রকাশ ১৯০৮); Holger Kersten, Jesus Lived in India (১৯৮৩)।
খণ্ডন: "ইউজ আসফ" নামটি এসেছে "বোধিসত্ত্ব" থেকে। বুদ্ধের জীবনকাহিনি মধ্য এশিয়া হয়ে আরবিতে পৌঁছায় কিতাব বিলাওহর ওয়া বুদাসফ রূপে। আরবি লিপিতে একটি বিন্দুর পার্থক্যে ব্যঞ্জন বদলায়: Budasaf থেকে Yudasaf, তারপর Yuz Asaf। সেখান থেকে ইউরোপে এটি হয় Barlaam and Josaphat। দশম শতাব্দীর শিয়া পণ্ডিত ইবনে বাবুইয়াহর কামাল আল-দীন-এ এই ইউদাসফ কাশ্মীরে দেহত্যাগ করেন। অর্থাৎ রোজাবালের সাধক-কিংবদন্তির মূল বৌদ্ধ, খ্রিস্টীয় নয়।
সূত্র: Günter Grönbold (মিউনিখের তিব্বততত্ত্ববিদ), Jesus in Indien: Das Ende einer Legende (Kösel, ১৯৮৫)। এটি কার্স্টেনের বইয়ের পূর্ণাঙ্গ খণ্ডন।
রোজাবাল-সংক্রান্ত প্রাচীনতম কাশ্মীরি উল্লেখে যীশুর নাম নেই। খাজা মুহম্মদ আজম দিদামারির ওয়াকিয়াত-ই-কাশ্মীর (১৭৪৭) ইউজ আসফকে এক নবী বা রাজপুত্র বলে, যীশু বলে না। যীশুর সঙ্গে যোগ প্রথম টানা হয় ১৮৯৯ সালে।
ক্রুশে মৃত্যু স্বাধীন অ-খ্রিস্টান সূত্রে সমর্থিত। রোমান ইতিহাসবিদ ট্যাসিটাস (Annals ১৫.৪৪) লেখেন, খ্রিস্টাস পিলাতের শাসনে চরম দণ্ড পান। জোসেফাসও (Antiquities ১৮.৬৩–৬৪) উল্লেখ করেছেন। রোমান ক্রুশদণ্ড ছিল মৃত্যু নিশ্চিত করার পেশাদারি প্রক্রিয়া। "অচেতন হয়ে বেঁচে যাওয়া" তত্ত্বের পক্ষে কোনো সমসাময়িক সূত্র নেই।
এই তত্ত্ব "বেদান্ত শিক্ষা"র তত্ত্বকে বাতিল করে। এখানে যীশু ভারতে আসেন শিক্ষাদান শেষ করার পরে, তাঁর শিক্ষার উৎস হিসেবে নয়।
পূর্বপক্ষ ৫: The Aquarian Gospel ও আকাশিক রেকর্ড
দাবি: লিভাই ডাউলিং "আকাশিক রেকর্ড" থেকে জানতে পারেন, যীশু জগন্নাথে ব্রাহ্মণদের কাছে বেদ ও মনুসংহিতা পড়েছিলেন এবং বারাণসীতে উদ্রক নামে এক হিন্দু চিকিৎসকের কাছে শিখেছিলেন।
রেফারেন্স: Levi H. Dowling, The Aquarian Gospel of Jesus the Christ (১৯০৮)।
খণ্ডন: "আকাশিক রেকর্ড" থেকে প্রাপ্ত জ্ঞান কোনো প্রমাণ (প্রত্যক্ষ, অনুমান বা আপ্তবাক্য) হিসেবে যাচাইযোগ্য নয়। এটি ডাউলিংয়ের নিজের দাবি মাত্র। এখানেও জগন্নাথ মন্দিরের কালবিরোধ আছে, যা নোতোভিচ থেকে নেওয়া। এতে স্পষ্ট বোঝা যায়, ১৯০৮ সালের বইটি ১৮৯৪ সালের বইয়ের ওপর নির্ভরশীল। পরবর্তী বই Elizabeth Clare Prophet, The Lost Years of Jesus (১৯৮৪) এই সব উৎসের সংকলন। এতে নতুন কোনো প্রমাণ নেই।
পূর্বপক্ষ ৬: "হারানো ১৮ বছর"
দাবি: লূক ২:৪২ (১২ বছর বয়স) থেকে লূক ৩:২৩ (প্রায় ৩০ বছর বয়স) পর্যন্ত সুসমাচারে কোনো বিবরণ নেই। তাই তিনি নিশ্চয় অন্য কোথাও ছিলেন।
খণ্ডন: নীরবতা প্রমাণ নয় (argumentum ex silentio)। প্রাচীন জীবনী সাধারণত জন্ম, শৈশবের কোনো ঘটনা ও প্রকাশ্য জীবন নিয়েই লেখা হতো। সুসমাচারেই সক্রিয় প্রতিপ্রমাণ আছে।
- লূক ২:৫১–৫২: তিনি পিতামাতার সঙ্গে নাসরতে ফিরে গেলেন, তাঁদের বাধ্য হয়ে রইলেন এবং প্রজ্ঞায় বৃদ্ধি পেলেন।
- মার্ক ৬:৩: নাসরতের লোকেরা বলে, "এ কি সেই ছুতোর (τέκτων), মরিয়মের ছেলে নয়?" অর্থাৎ গ্রামবাসী তাঁকে স্থানীয় কারিগর হিসেবেই চিনত। ১৮ বছর বিদেশে কাটানো কেউ এভাবে পরিচিত হতেন না।
- মথি ১৩:৫৪–৫৭: লোকেরা অবাক হয়, "এর এত জ্ঞান কোথা থেকে এল?" তিনি দীর্ঘকাল বিদেশে বিদ্যাচর্চা করে থাকলে এই বিস্ময় অর্থহীন হতো।
- যোহন ৭:১৫: "এ লোক কখনো শিক্ষা না নিয়ে কীভাবে শাস্ত্র জানে?" বিরোধীরাও কোনো বিদেশি গুরুর অভিযোগ তোলেনি। তুললে তা যীশুকে আক্রমণ করার সবচেয়ে বড় অস্ত্র হতো।
- লূক ৪:১৬: তিনি "তাঁর রীতি অনুযায়ী" নাসরতের সমাজগৃহে যান।
পূর্বপক্ষ ৭: শিক্ষার সাদৃশ্য ("আমি ও পিতা এক" = "অহং ব্রহ্মাস্মি")
দাবি: যোহন ১০:৩০-এ যীশু বলেছেন "আমি ও পিতা এক"। এটি অদ্বৈত বেদান্তের মহাবাক্য "অহং ব্রহ্মাস্মি"-র সমতুল্য। পর্বতে উপদেশের নৈতিকতাও গীতা ও বৌদ্ধ নীতির মতো। তাই যীশু ভারত থেকেই এই শিক্ষা পেয়েছিলেন।
খণ্ডন: মিল কেবল সাধারণ নৈতিকতায়। দর্শনের প্রতিটি মৌলিক বিষয়ে দুটি শিক্ষা বিপরীত।
প্রথমত, ঈশ্বর ও জীবের সম্পর্ক। শঙ্করাদ্বৈত বেদান্তের কেন্দ্রীয় সিদ্ধান্ত জীব-ব্রহ্ম ঐক্য: "তত্ত্বমসি" (ছান্দোগ্য উপনিষদ ৬.৮.৭)। যীশুর শিক্ষায় স্রষ্টা ও সৃষ্টি পৃথক। সবচেয়ে বড় আজ্ঞা কোনটি, এই প্রশ্নের উত্তরে তিনি ইহুদি শেমা উদ্ধৃত করেন: "হে ইস্রায়েল, শোনো, আমাদের ঈশ্বর প্রভু একমাত্র প্রভু" (মার্ক ১২:২৯, দ্বিতীয় বিবরণ ৬:৪ থেকে)। এটি দ্বৈতবাদী একেশ্বরবাদ, অদ্বৈত নয়।
দ্বিতীয়ত, "আমি ও পিতা এক" বাক্যের প্রসঙ্গ। ঠিক আগের পদে (যোহন ১০:২৮–২৯) যীশু বলছেন, তাঁর মেষদের কেউ তাঁর হাত থেকে কেড়ে নিতে পারবে না, পিতার হাত থেকেও না। অর্থাৎ এই "এক" হলো রক্ষাকার্যে ও উদ্দেশ্যে ঐক্য, সত্তার অভেদ নয়।
একই সুসমাচারে যীশু বলেন, "পিতা আমার চেয়ে মহান" (যোহন ১৪:২৮)। অদ্বৈত বেদান্তে আত্মা ও ব্রহ্মের মধ্যে ছোট-বড় সম্ভব নয়। তাই এই বাক্যটি "অহং ব্রহ্মাস্মি"-র সঙ্গে মেলে না।
তৃতীয়ত, কর্ম ও পুনর্জন্ম। বেদান্তসহ সব ভারতীয় দর্শনের ভিত্তি কর্মফল ও সংসারচক্র। যোহন ৯:২–৩-এ শিষ্যরা এক জন্মান্ধকে দেখে জিজ্ঞেস করেন, সে কি নিজের পাপে নাকি পিতামাতার পাপে অন্ধ হয়ে জন্মেছে। যীশু দুটো ব্যাখ্যাই নাকচ করে বলেন, "এ পাপ করেনি, এর পিতামাতাও নয়।" জন্মের আগের পাপের ফলের ধারণা, যা কর্মবাদের মূল কথা, যীশু সরাসরি অস্বীকার করেছেন। নতুন নিয়মের হিব্রু ৯:২৭-এ আরও স্পষ্ট বলা আছে: "মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার।" এটি পুনর্জন্মের সম্পূর্ণ বিপরীত।
চতুর্থত, জগতের স্বরূপ। বেদান্তে জগৎ মায়া, এর সত্তা কেবল ব্যবহারিক। যীশুর শিক্ষা আদিপুস্তকের ইহুদি ভিত্তির ওপর দাঁড়ানো, যেখানে জগৎ ঈশ্বরের সৃষ্ট এবং "ভালো"।
পঞ্চমত, মুক্তির উপায়। অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত "ঋতে জ্ঞানান্ন মুক্তিঃ", অর্থাৎ জ্ঞান ছাড়া মুক্তি নেই। যীশুর প্রথম প্রচার: "অনুতাপ করো এবং সুসমাচারে বিশ্বাস করো" (মার্ক ১:১৫)। পথ এখানে অনুতাপ, বিশ্বাস ও ঈশ্বরের অনুগ্রহ, আত্মজ্ঞান নয়।
ষষ্ঠত, চূড়ান্ত পরিণতি। বেদান্তের লক্ষ্য মোক্ষ বা কৈবল্য, অর্থাৎ দেহ ও জন্মচক্র থেকে মুক্তি। যীশুর শিক্ষায় লক্ষ্য দৈহিক পুনরুত্থান ও ঈশ্বরের রাজ্য: "কবরে থাকা সবাই তাঁর স্বর শুনে বেরিয়ে আসবে" (যোহন ৫:২৮–২৯)।
সপ্তমত, পরিভাষা। যীশু ১৮ বছর ভারতে বেদান্ত শিখে থাকলে তাঁর ভাষায় ব্রহ্ম, আত্মা, মায়া, যোগ, ধ্যান বা মোক্ষ জাতীয় ধারণার কিছু ছাপ থাকত। সুসমাচারে এর একটিও নেই। তাঁর সব উদ্ধৃতি তোরাহ, ভাববাদীদের গ্রন্থ ও গীতসংহিতা থেকে।
নৈতিক শিক্ষার মিলও ভারত থেকে ধার নেওয়া প্রমাণ করে না। "অন্যের সঙ্গে তেমন আচরণ করো, যেমন নিজে চাও" এই সোনালি নিয়ম যীশুর আগেই ইহুদি গুরু হিলেলের মুখে পাওয়া যায় (তালমুদ, শাব্বাত ৩১ক)। [ https://cojs.org/babylonian-talmud-shabbat-30b-31a-the-patience-of-hillel/ ]
"প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো" আছে মোশির তোরাহতেই (লেবীয় পুস্তক ১৯:১৮)। তাঁর নিজের ঐতিহ্যেই উৎস রয়েছে, ভারতে খোঁজার দরকার নেই।
আর অদ্বৈতবাদীদের ব্যাখ্যাত বেদান্তের নিজের শাস্ত্র থেকেও একটি আপত্তি ওঠে। ব্রহ্মসূত্রের অপশূদ্রাধিকরণে (১.৩.৩৪–৩৮) এবং তার শঙ্করভাষ্যে উপনয়নহীন ব্যক্তির বেদ অধ্যয়নের অধিকার স্বীকার করা হয়নি। তাহলে প্রথম শতাব্দীর রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ এক বিদেশি "ম্লেচ্ছ" যুবককে উপনিষদ শিখিয়েছিল, এই কল্পনা কথিত স্মার্ত বৈদিক প্রথার সঙ্গেই মেলে না।
পূর্বপক্ষ ৮: বাণিজ্যপথ ছিল, তাই আসা সম্ভব
খণ্ডন: সম্ভাবনা আর প্রমাণ এক জিনিস নয়। রোম-ভারত বাণিজ্য ছিল ঠিকই, কিন্তু "আসা সম্ভব ছিল" থেকে "এসেছিলেন" প্রমাণ হয় না। এই যুক্তিতে যেকোনো ব্যক্তিকে যেকোনো জায়গায় পাঠানো যায়। এমনকি তোমা (Thomas)-কেন্দ্রিক ভারত-প্রচারের ঐতিহ্যেও (Acts of Thomas, তৃতীয় শতাব্দী) ভারতে আসেন শিষ্য তোমা, যীশু নিজে নন।
- চূড়ান্ত পদ্ধতিগত খণ্ডন: প্রমাণের ভার
১. সমসাময়িক কোনো সূত্র নেই। প্রথম শতাব্দীর কোনো ভারতীয় সংস্কৃত, পালি, প্রাকৃত বা জৈন গ্রন্থে, কোনো শিলালিপিতে, কোনো বৌদ্ধ ত্রিপিটক-ভাষ্যে "ঈসা" বা পশ্চিম থেকে আসা এমন কোনো সাধকের উল্লেখ নেই।
২. দাবির জন্ম ১৮৯৪ সালে। প্রায় ১৮৬০ বছর ধরে কোনো ভারতীয়, তিব্বতি, ইহুদি, খ্রিস্টান বা মুসলিম লেখক এ কথা জানতেন না। এরপর সব দাবিই নোতোভিচ বা আহমদিয়া উৎস থেকে নেওয়া, যা নির্ভরতার একটি স্পষ্ট শৃঙ্খল।
৩. উৎসগুলো পরস্পরবিরোধী। একটিতে আগে আসা, একটিতে পরে আসা। একটিতে বেদবিরোধী, অন্যটিতে বেদান্তী। একটিতে ৮০ বছর বয়সে হিমালয়ে, অন্যটিতে ১৪ বছর বয়সে সিন্ধুতে। সত্য ঘটনার সাক্ষ্য একটি বিন্দুতে মিলিত হয়। কিংবদন্তি নানা দিকে ছড়িয়ে পড়ে।
৪. ন্যায়শাস্ত্রের মানদণ্ডেও টেকে না। প্রত্যক্ষ প্রমাণ নেই, কারণ পুঁথি কেউ দেখাতে পারেননি। অনুমানের হেতু অসিদ্ধ, কারণ "নীরবতা" কোনো হেতু নয়। শব্দপ্রমাণও অচল, কারণ আপ্ত (নির্ভরযোগ্য) বক্তা নেই এবং উৎস জাল প্রমাণিত।
- সংক্ষিপ্ত সার
১. হেমিস পুঁথির দাবি (নোতোভিচ, ১৮৯৪): হেমিসের প্রধান লামা লিখিতভাবে জানিয়েছিলেন, এমন কোনো পুঁথি নেই এবং নোতোভিচ সেখানে আসেননি (Douglas, The Nineteenth Century, ১৮৯৬)। পুঁথিতে যীশুর আরবি-ইসলামি নাম "ঈসা" ব্যবহার এবং দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দিরের উল্লেখ জালিয়াতির স্পষ্ট চিহ্ন।
২. স্বামী অভেদানন্দের সাক্ষ্য (১৯২৯): তিনি তিব্বতি জানতেন না, দোভাষীর মুখে শুনেছিলেন। তাঁর বিবরণ নোতোভিচের পাঠের সঙ্গে প্রায় হুবহু মেলে, আর কোনো প্রতিলিপি বা ছবিও তিনি আনেননি।
৩. ভবিষ্য পুরাণের "ঈশপুত্র" (প্রতিসর্গ পর্ব ৩.২): একই পর্বে আদম, নূহ, মুহম্মদ ও আকবরের উল্লেখ আছে, যা এর আধুনিক প্রক্ষেপের প্রমাণ (R. C. Hazra)। তা ছাড়া শালিবাহনের সময় (৭৮ খ্রিস্টাব্দ) যীশুর বয়স হতো আশির বেশি।
৪. রোজাবাল ও ইউজ আসফ (আহমদিয়া, ১৮৯৯): "ইউজ আসফ" নামটি এসেছে "বোধিসত্ত্ব" থেকে, বুদাসফ ও ইউদাসফ হয়ে। অর্থাৎ কিংবদন্তিটির মূল বুদ্ধের জীবনকাহিনি (Grönbold, ১৯৮৫)। রোমান ইতিহাসবিদ ট্যাসিটাস স্বাধীনভাবে যীশুর মৃত্যুদণ্ডের সাক্ষ্য দিয়েছেন।
৫. অ্যাকুয়ারিয়ান গসপেল (ডাউলিং, ১৯০৮): "আকাশিক রেকর্ড" থেকে পাওয়া তথ্য যাচাই করার কোনো উপায় নেই। বইটি নোতোভিচের ওপর নির্ভরশীল, জগন্নাথ মন্দিরের একই ভুলও এতে আছে।
৬. "হারানো ১৮ বছর": সুসমাচারের নীরবতা কোনো প্রমাণ নয়। বরং মার্ক ৬:৩, মথি ১৩:৫৪–৫৭, যোহন ৭:১৫ ও লূক ২:৫১ দেখায়, তিনি নাসরতেই পরিচিত স্থানীয় ছুতোর ছিলেন।
৭. বেদান্তের সঙ্গে সাদৃশ্য: "পিতা আমার চেয়ে মহান" (যোহন ১৪:২৮), জন্মান্ধের প্রসঙ্গে কর্মফল নাকচ (যোহন ৯:২–৩) এবং শেমার একেশ্বরবাদ (মার্ক ১২:২৯) প্রমাণ করে যে যীশুর শিক্ষা অদ্বৈত বেদান্তের বিপরীত।
সব মিলিয়ে, প্রথম শতাব্দীর কোনো ভারতীয় সূত্রে এর উল্লেখ নেই। দাবিটির জন্ম ১৮৯৪ সালে। উৎসগুলো একে অপরের বিরোধী, আর প্রধান উৎসটি জাল প্রমাণিত। তাই যীশু ভারতে এসে বেদান্ত সাধনা করেছিলেন, এই দাবি ঐতিহাসিকভাবে টেকে না।
- মূল রেফারেন্স তালিকা:
১. F. Max Müller, “The Alleged Sojourn of Christ in India”, The Nineteenth Century 36 (1894)।
২. J. Archibald Douglas, “The Chief Lama of Himis on the Alleged ‘Unknown Life of Christ’”, The Nineteenth Century 39 (1896)।
৩. Per Beskow, Strange Tales About Jesus, Fortress Press, 1983।
৪. Günter Grönbold, Jesus in Indien: Das Ende einer Legende, Kösel, 1985।
৫. Bart D. Ehrman, Forged, HarperOne, 2011।
৬. R. C. Hazra, Studies in the Puranic Records on Hindu Rites and Customs, Dacca, 1940।
৭. ট্যাসিটাস, Annals ১৫.৪৪; জোসেফাস, Antiquities ১৮.৬৩–৬৪।
৮. বাইবেল: লূক ২:৪১–৫২, ৪:১৬; মার্ক ৬:৩, ১২:২৯; মথি ১৩:৫৪–৫৭; যোহন ৭:১৫, ৯:২–৩, ১০:২৮–৩০, ১৪:২৮; হিব্রু ৯:২৭।
৯. ব্রহ্মসূত্র শঙ্করভাষ্য ১.৩.৩৪–৩৮ (অপশূদ্রাধিকরণ)।
© বাংলাদেশ অগ্নিবীর




.jpg)





















